দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এর উদ্যোগে ও নুরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব দৌলতপুর মধ্য বাজারে আয়োজিত এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কাপড়পোড়া কাশেফুল উলুম হাফেজিয়া ক্বওমীয়া মাদ্রাসার মহতাহিম হযরত মাওলানা মুফতি আশরাফ আলী। বিশেষ বক্তা ছিলেন দৌলতপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আলহাজ্ব মোঃ হুসাইন খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের উদ্যোক্তা শরিফ উদ্দিন জুয়েল তাঁর বক্তব্যে বলেন,“মুসলিম উম্মাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) জীবনাদর্শ আমাদের জন্য এক পরিপূর্ণ আদর্শ। তিনি শুধু ধর্মীয় নেতা নন, ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষাগুরু।
তিনি মানুষকে শিখিয়েছেন শান্তি, সহনশীলতা, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের পথ। আজকের সমাজে তার এই মহান আদর্শগুলো প্রতিষ্ঠিত করাই হবে প্রকৃতভাবে ঈদে মিলাদুন্নবীর মর্যাদা রক্ষা।
ধর্ম শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি মানবতার পথ দেখায়। নবীজি (সা.)’র জীবনচরিত অনুসরণ করলেই আমরা একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব।”
দোয়া মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































